ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ চার্টার্ড বিমান

চার্টার এয়ারলাইন ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট পরিচালিত একটি টার্বোপ্রপ বিমান ১১ আরোহীসহ নিখোঁজ হয়েছে। শনিবার দেশটির যোগ্যাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে উড্ডয়নের পর বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে জানা গেছে।

জাকার্তা পোস্টের খবরে বলা হয়, ১১ আরোহী নিয়ে যাত্রা করা বিমানটিতে আট ক্রু এবং তিন যাত্রী ছিলেন। স্থানীয় সময় দুপুর প্রায় ১টার দিকে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাসের তথ্য অনুযায়ী, বিমানটির সর্বশেষ অবস্থান ছিল মারোসের লিয়াং-লিয়াং সাবডিস্ট্রিক্টের আশপাশে। নিখোঁজ বিমানটির সন্ধানে বাসারনাসের মাকাসার কার্যালয় তিনটি দলে ভাগ করে ২৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিমানের ধ্বংসাবশেষের মতো কিছু অংশ দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য যাচাই-বাছাই করছেন বলে জাকার্তা পোস্ট জানিয়েছে।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত পিটি ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট দেশটির সরকারি ও বেসরকারি খাতের জন্য চার্টার্ড ফিক্সড-উইং এবং হেলিকপ্টার ফ্লাইট পরিষেবা প্রদান করে থাকে। এর মধ্যে তেল-গ্যাস এবং খনি কোম্পানিগুলোও রয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করতে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগকৃত স্বাধীন নিরীক্ষকদের মাধ্যমে নিয়মিত নিরাপত্তা পরিদর্শন পরিচালিত হয়।