হ্যান্ডশেক না করা 'এক মুহূর্তের মনোযোগের অভাবে', বলছে বিসিবি

শনিবার বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে। টস সিদ্ধান্তের পর একে অপরকে এড়িয়ে যান। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ভারতের অধিনায়কের হ্যান্ডশেক এড়ানোর মতোই মনে হয়েছিল বিষয়টিকে। 

তবে রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আবরারের এক মুহূর্তের মনোযোগের অভাবে ঘটে গেছে, 'অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, এবং দলের পক্ষ থেকে সহ অধিনায়ক জাওয়াদ আবরার (টস করতে) উপস্থিত ছিলেন। বিসিবি স্পষ্ট করতে চায় যে, প্রতিপক্ষের অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক না হওয়া সম্পূর্ণ অজান্তে ঘটে গেছে এবং এটি এক মুহূর্তের মনোযোগের অভাবের কারণে। এতে কোনোভাবেই অশিষ্টতা দেখানোর বা প্রতিপক্ষকে অবজ্ঞা করার উদ্দেশ্য ছিল না।'

বোর্ড আরো বলে, 'বোর্ড বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখেছে, কারণ ক্রিকেটের চেতনাকে বজায় রাখা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করা বাংলাদেশের কোনো স্তরে প্রতিনিধিত্ব করার জন্য মৌলিক শর্ত। বোর্ড তাৎক্ষণিকভাবে দলের ব্যবস্থাপনাকে উপযুক্ত পরামর্শ দিয়েছে। খেলোয়াড়দেরও মনে করিয়ে দেওয়া হয়েছে যে, প্রতিপক্ষের সঙ্গে সকল পারস্পরিক যোগাযোগে সর্বোচ্চ মানের খেলার মানসিকতা, ভ্রাতৃত্ববোধ এবং সম্মান বজায় রাখা তাদের দায়িত্ব'