বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ যার যেটা প্রয়োজন, সে সেটিতেই ভোট দেবে। এটাই মানুষের গণতান্ত্রিক অধিকার। তবে জোর করে কাউকে কোনও নির্দিষ্ট পক্ষে ভোট দিতে বাধ্য করা যায় না। এই বিষয়টি সবাইকে মেনে নিতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুধু একটি দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, তারপর অন্য দেশের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে। আমি ও আমরা একটি বিশেষ দেশের বিরুদ্ধে অতীতেও সংগ্রাম করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করব। কিন্তু এর অর্থ এই নয় যে, শুধু সেটার কারণেই আমরা বেশি দেশপ্রেমিক।
অনুষ্ঠানে উপস্থিত মাল্টিমিডিয়া রিপোর্টারদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, তোমরা সবাই তরুণ। এই বয়সেই বুঝে নিতে হবে- কারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, আর কারা দেশের বিরুদ্ধে অবস্থান নেয়।