রাজনীতির ময়দান হোক কিংবা সিনেদুনিয়া, শত বিতর্ক ছুঁয়েও বিগত দুদশক ধরে ওপার বাংলার দর্শকের মধ্যমণি টলিউড তারকা দেব। তিনি যেমন রাজনৈতিক সৌজন্যের ‘পোস্টারবয়’, তেমনই সিনেইন্ডাস্ট্রির ‘চ্যাম্পিয়ন’। বক্স অফিসের ব্যবসার নীরিখেও একনম্বরে। একসময়ে যে ছেলেটিকে বাচনভঙ্গির জন্য সিনেপাড়ার ‘এলিট’ শ্রেণির কাছে ঠাট্টা-টিটকিরির শিকার হতে হয়েছিল, সেই ছেলেটিই সৌজন্য আর ভালোবাসার মন্ত্র আউড়ে বিগত ১২ বছরে ‘নেতা-অভিনেতা’ হিসেবে বাংলার বিভিন্ন প্রান্তে ভালোবাসা কুড়িয়েছেন। আর সেই ভালোবাসার স্মারকস্বরূপ এবার দেবকে বড় স্বীকৃতি ভারতীয় ডাক বিভাগের।
এবার থেকে ভারতীয় ডাক টিকিটে দেখা যাবে দেবের মুখ। গতকাল শনিবার সেই খবর দিতে গিয়েই উচ্ছ্বাস প্রকাশ করলেন টলিউড সুপারস্টার। পাশাপাশি অনুরাগীদের সঙ্গে পোস্ট স্ট্যাম্পের ছবিও ভাগ করে নেন অভিনেতা। যেখানে ট্রেনের ইঞ্জিনের পাশে তারকা সাংসদের মুখ জ্বলজ্বল করছে। এমন নজিরবিহীন সম্মানে সম্মানিত হয় আল্পুত দেবও। ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে দেবের মন্তব্য, আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ইন্ডিয়া পোস্টকে আমার আন্তরিক ধন্যবাদ। এখানেই অবশ্য থামেননি তিনি। এমন সম্মান যে তার কল্পনাতীত ছিল, সে কথাও উল্লেখ করতে ভোলেননি দেব।
টলিউডের এই তারকার সংযোজন, ‘এমন সম্মানের যোগ্য বলে বিবেচিত হওয়াটা আমার কল্পনারও অতীত। একজন মানুষ হিসেবে জগনের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমার পরমপ্রাপ্তি। আমি চিরকৃতজ্ঞ।’ দেব জানান, শুক্রবার ঘাটাল মেলার উদ্বোধন করতে গিয়েই নিজস্ব সংসদীয় এলাকায় এই ডাকটিকিট প্রকাশ্যে এনেছেন তিনি। স্বাভাবিকভাবেই তারকা সাংসদের এমন নজিরবিহীন সম্মানে ভূষিত হওয়ায় উচ্ছ্বাসের জোয়ার ঘাটালে। তবে গতকাল সোশ্যাল মিডিয়ায় সেই ডাকটিকিটের ছবি প্রকাশ্যে আনলেন নেতা-অভিনেতা। যা দেখে উন্মাদনায় ফুটছে দেবের ভক্তশিবিরও।