তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ

সারা দেশে তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহে বইছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে তাপমাত্র ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার (১৮ জানুয়ারি) আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পর্যালোচনায় রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।