শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি তিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে গিয়ে তার ধাক্কায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে গিয়ে তার ধাক্কায় সখিপুর থানার ওসি নাজিম উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়। পরে ছাত্রলীগ নেতা সোমেল পালিয়ে যান। পরে আহত ওসি নাজিম উদ্দিন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু বলেন, তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা রোগীকে চিকিৎসা দিয়েছি।
আহত ওসি নাজিম উদ্দিন বলেন, সামনে নির্বাচন এজন্য খোলা তেল যারা বিক্রি করেন, তারা যেন এসময় খোলা তেল বিক্রি না করেন তাই তাদের সতর্ক করতে সখিপুর বাজারে যাই। পরে সংবাদ পেলাম সখিপুর থানা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার বাজারে আছেন। ‘অপারেশন ডেভিল হান্ট’ বিশেষ অভিযান যেহেতু চলামান তাই তাকে আটক করতে গিয়ে আহত হই।
শরীয়তপুরের ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, বিষয়টি আমি শুনেছি। আমাদের ওসি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরা দুষ্কৃতকারীকে আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।