রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের কারোরই বিস্তারিত পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার রাত ১১টার দিকে যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসাইন জানান, দ্রুতগতির একটি ট্রাক আনুমানিক ১৩ বছর বয়সী এক শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, নিহত শিশুটি ওই এলাকায় ভাঙারি কুড়িয়ে জীবিকা নির্বাহ করত। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এর আগে, রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার ব্রিজের ওপর আরেকটি দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী পথচারী রবিউল ইসলাম জানান, একটি দ্রুতগতির লেগুনা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা একটি ভ্যানকে আঘাত করে। ধাক্কার চোটে ভ্যানচালক ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।

নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ উভয় ঘটনায় ঘাতক যানবাহনগুলো শনাক্তের চেষ্টা করছে।