সৌদি প্রো লিগে বিতর্ক উসকে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের প্রধান কোচ হোর্হে জেসুস। তার বিতর্কিত এক মন্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আল হিলাল। পর্তুগিজ কোচের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সৌদি আরবের সফলতম ক্লাবটি এবং বিষয়টি আইনি পথে নেওয়ার ঘোষণা দিয়েছে।
আল শাবাবের বিপক্ষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আল নাসরের কোচ হোর্হে জেসুস অভিযোগ করেন, আল হিলালের বিশেষ ‘রাজনৈতিক প্রভাব’ আছে, যা রেফারিদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। এই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে আল হিলাল, ‘এই ধরনের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও অপমানজনক। এটি সৌদি আরবে চলমান ক্রীড়া বিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।’
এক বিবৃতিতে আল হিলাল জানায়, সৌদি আরবের প্রাজ্ঞ নেতৃত্বের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দেশটির ফুটবল এখন বিশ্বমানের রূপ পেয়েছে। আন্তর্জাতিক তারকা ও সমর্থকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে সৌদি লিগ, যার প্রতিযোগিতামূলক মান বর্তমানে বিশ্বের শীর্ষ লিগগুলোর সঙ্গে তুলনীয়। জেসুসের বক্তব্য ফিফার অন্যতম মৌলিক নীতির—ফুটবলের নিরপেক্ষতা, সততা ও ন্যায্য প্রতিযোগিতা—পরিপন্থী।
ক্লাবটির বক্তব্য, প্রতিপক্ষ কোচের এমন মন্তব্য খেলাটির ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং ক্রীড়াসুলভ পরিবেশ নষ্ট করে। এ কারণে আল হিলাল সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে হোর্হে জেসুসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছে। ক্লাবটির মতে, এই মন্তব্য শুধু আল হিলাল নয়, পুরো সৌদি ক্রীড়া প্রকল্পের প্রতিই অবমাননাকর।