ব্যাটে-বলে যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন শারমিন আখতার। তার ব্যাটে দল পেল লড়াকু পুঁজি। এরপর বল হাতে নিজেদের কাজটা সারলেন রিতু মনি, নাহিদা আক্তাররা। দারুণ দলীয় পারফর্মেন্সে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে বাছাইপর্বে শুভ সূচনা করল বাঘিনীরা।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৯ রান তোলে বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার এবং জুয়াইরা ফেরদৌস উভয়েই ১৭ রান করে আউট হন। তিনে নেমে শারমিন আক্তার খেলেন ৩৯ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস, যাতে ছিল ৮টি চার এবং ‌১টি ছক্কার মার। এছাড়া সোবহানা মোস্তারি ২৯ বলে ৩২ রান করেন। শেষদিকে স্বর্ণা আক্তারের ১২ বলে ১৬* আর রাবেয়া খাতুনের ৪ বলে ৬* রানও স্কোরবোর্ডে অবদান রাখে।ছবি: বিসিবি

রান তাড়ায় নেমে ৪২ রানের ওপেনিং জুটি গড়েছিল যুক্তরাষ্ট্র। ২২ বলে ২৩ রান করা দিশা ধিংড়াকে রাবেয়া বোল্ড করতেই ম্যাচে মোড় ঘুরে যায়। আরক ওপেনার চেতনা পাগ্যদিয়ালা ৩৬ রান করেন। রাবেয়া আর রিতু মনির আগুনে বোলিংয়ে পরের চার ব্যাটার সিঙ্গেল ডিজিটে আউট হন। মিডল অর্ডারে রিতু সিং ১৩ বলে ৩৩ রানের ঝড় তোলেন। তাকে ফেরান নাহিদা আক্তার। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ৯ উইকেটে ১৩৭ রান পর্যন্ত যেতে পারে।

বাংলাদেশ জয় পায় ২১ রানে। লাল-সবুজের দলের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার। অন্যদিকে রিতু মনিও ৪ ওভারে ২৪ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। রাবেয়া খান নিয়েছেন ৩৪ রানে দুটি। টাইগ্রেসদের পরের ম্যাচ ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনির বিপক্ষে।