তারেক রহমান

জুলাইয়ে যারা শহীদ হয়েছেন ৭১-এর মতো তারাও মুক্তিযোদ্ধা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৭১-এর মতো তারাও মুক্তিযোদ্ধা। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহত পরিবারের কষ্ট লাঘবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মতো আরেকটি বিভাগ তৈরি করা হবে। জুলাইয়ে যেভাবে হত্যা করা হয়েছে এটা স্রেফ গণহত্যা।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মতো দেশের সার্বভৌমত্ব রক্ষায় ২০২৪ সালে জুলাইযোদ্ধারাও ভূমিকা রেখেছেন। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী শাসক দেশ ছেড়ে পালিয়েছে।
 
বিএনপির চেয়ারম্যান বলেন, চব্বিশের আন্দোলন কোন ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এটা ছিল অধিকার আদায়ে জনগণের আন্দোলন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের সম্পর্কে সচেতন হওয়া জরুরি।
 
তারেক রহমান বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক সরকার গঠন করতে না পারলে আগামীতে এমন শোকসভাই করতে হবে। তাই আসুন- আর কোন শোকসভা নয়, জনগণের বিজয়গাঁথা রচনা করি।
 

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও।

মতবিনিময় সভায় প্রায় ১৪শ শহীদ ও আহত পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।