শিবির সভাপতি

শাকসু নির্বাচনকে বানচাল করতেই ইসি ঘেরাও করেছে ছাত্রদল

ছাত্রদল ধারাবাহিকভাবে ছাত্রসংসদ নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে পেশিশক্তির ওপর ভর করে নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

রবিবার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন। শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করা হলে সমুচিত জবাব পাবেন বলেও উল্লেখ করেন তিনি।

সাদ্দাম বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের ওপর কোনো আস্থা এই সংগঠনের নেই। শিক্ষার্থীরাও এ কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করেছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আদৌ কি রাজনীতি করা সম্ভব!

তিনি আরও বলেন, এর আগে প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনকে পেছানোর জন্য তারা যারপরনাই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। শাকসু নির্বাচনকেও বানচালের চক্রান্ত করে। পরে নির্বাচন কমিশন শাকসুকে প্রজ্ঞাপনের আওতা মুক্ত রাখে। আজ আবার শাকসু নির্বাচন যাতে না হয় সেজন্য কেন্দ্রের নেতারা নির্বাচন কমিশন ঘেরাও করছে।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি এর আগে যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি। সুতরাং এটা সুস্পষ্ট যে তারা ক্ষমতায় যেতে চায় শুধু নিজেদের আখের গোছানোর জন্য। ‘ভোটাধিকারের জন্য আন্দোলন’ এটা শুধু রাজনৈতিক বক্তব্য।