শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির ২ দিনব্যাপী কর্মসূচি

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। 

রবিবার (১৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনেও এ কর্মসূচি ঘোষণা করেন রিজভী।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি সমূহ-

প্রথম দিন (১৯ জানুয়ারি)-
সোমবার বেলা ১১টায় শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। একই দিনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন (২০ জানুয়ারি)-
মঙ্গলবার বেলা ১১টায় কাকরাইলস্থ ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ এর মাল্টিপারপাস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।

এই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করবে।