দ্বিতীয় সংসার ভাঙার খবর চাউর হওয়ায় অনেকটা বিষাদে ভুগছেন সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান। জানান, শান্তির সন্ধান করছেন তিনি। আপাতত উপস্থাপনায় ফিরে মনকে শান্ত করার চেষ্টা করছেন এই তারকা। আবারও ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর উপস্থাপনায় ফিরছেন তিনি। তাহসানের ভাষ্য, ‘প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের পর ধারাবাহিকতায় সিজন-২ হতে চলেছে আরও বেশি রোমাঞ্চকর এবং এক্সসাইটিং।’
শো-টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, তেমনই চমকপ্রদ।প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে এবং পরিশেষে এই বিষয়টিই প্রতিটি এপিসোডকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
সোমবার (১৯ জানুয়ারি) থেকে সপ্তাহের প্রতি সোমবার রাত ৯ টা ৩০ মিনিটে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ সম্প্রচারিত হবে এনটিভিতে।