শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্ট-এর সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। আবেদনে শাকসুর প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ অবস্থায় শাকসু নির্বাচন আয়োজন আইনসঙ্গত নয়। অথচ আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময়সীমা ১২ ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। রবিবার সকাল সোয়া ১০টার দিকে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব ধরনের নির্বাচন স্থগিত করায় শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণা কার্যক্রম ব্যাহত হয়। পরবর্তীতে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি দিলে আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত বহাল থাকে। প্রার্থীদের প্রচারণার সুযোগ নিশ্চিত করতে প্রচারণার শেষ সময় বাড়িয়ে ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।