নারীদের ঘরে বসিয়ে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, অনেকে বলেন নারীদের রানীর সম্মান দিয়ে ঘরে বসিয়ে রাখবেন। কিন্তু নারীদের যদি ঘরে বন্দি করে রাখা হয়, তাহলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কোনো কাজে আসবে না। এতে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে।
এ সময় মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া বুঝেছিলেন, নারীদের ঘরে বসিয়ে দেশের অগ্রগতি হবে না, তাই তিনি নারীশিক্ষা নিয়ে কাজ করেছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের উন্নয়নে কাজ করার আশ্বাস দেন মির্জা আব্বাস। পাশাপাশি সুযোগ পেলে কলেজটি সরকারি করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।