এলাকায় যৌথবাহিনী মোতায়েন

মাদারীপুরে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মাদারীপুরের ডাসারে জমিজমা বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক আব্বাস চৌধুরী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আব্বাস ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে। এর আগে গত বুধবার (১৪ জানুয়ারি) সকালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে আনোয়ার, আবুল ও সিরাজ জমাদ্দারের লোকজন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আনোয়ার জমাদ্দার, সিরাজ জমাদ্দার ও আবুল জমাদ্দারদের সঙ্গে একই এলাকার শহীদ মাতুব্বর ও আব্বাস চৌধুরীদের বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে মঙ্গলবার (১৩ জানুয়ারি) উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়াসহ ব্যাপক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে হামলা চালিয়ে আব্বাস চৌধুরীসহ বেশ কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।

এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। পরে ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়।

রবিবার দুপুরে ৪ দিন পর ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আব্বাস মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ফের উত্তেজনা দেখা যায়। পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আমরা মৃত্যুর ঘটনা শোনার পর ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে লাশ নিয়ে এখনো বাড়িতে আসেনি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ টহল বাড়ানো হয়েছে। আব্বাস চৌধুরীর মৃত্যুকে কেন্দ্র করে কেউ নাশকতা বা সংঘর্ষের ঘটনা ঘটালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।