শিবালয়ে প্রধান শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে শিক্ষার্থীরা

শিবালয় উপজেলার নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষার্থীরা রবিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন। 

অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ জাহিদুল ইসলামের অপসারণের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা চলা কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সাংস্কৃতিক পরিচালনা কমিটিতে নাম না থাকার জেরে প্রধান শিক্ষক ও জাহিদুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রধান শিক্ষক ১৫ জানুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৬৫৩) করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অভিযুক্ত শিক্ষক রাজনৈতিক আলোচনা চালাতেন এবং প্রধান শিক্ষকের ওপর শারীরিকভাবে চড়াও হয়েছিলেন। তারা অবিলম্বে তার অপসারণ ও পদত্যাগ দাবি করেন।

প্রধান শিক্ষক ইসমাইল হোসেন জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।