সাভারের আশুলিয়া থেকে ট্রাকসহ ছয়টি চোরাই গরু উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইদুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার ( ১৭ জানুয়ারি) রাতে আশুলিয়ার সাধু মার্কেট এলাকা থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের কোতয়ালী থানার গোপালনগরের মো. সেলিম মিয়া (৩৫), টাঙ্গাইলের মধুপুরের পুদ্দারবাড়ী এলাকার মো. তোজাম্মেল (৩৬), বগুড়ার ধুনটের বিলচাপড়ি এলাকার খালেক বিশ্বাস (৪০) ও সিরাজগঞ্জের সলঙ্গা থানার সুজনপুর এলাকার জিয়াউল খান (৩০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাধুমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাক ভর্তি ছয়টি চোরাই গরু উদ্ধার এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে। এতে উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য অনুমানিক গরুর মূল্য প্রায় ১০ লাখ এবং ট্রাকের মূল্য ২০ লাখ টাকা।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মো. সাইদুর ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতি, চুরি অপহরণ ও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।