ফরিদপুরে শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ১২৫ কেজি ওজনের প্রায় শতকোটি টাকা মূল্যের একটি বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১০। এ ঘটনায় সাদ্দাম মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের মধ্যপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‍্যাব-১০ এর একটি দল আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে স্থানীয় বাসিন্দা আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় শত কোটি টাকা হবে বলে ধারণা করা হয়।

কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে এই মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি যথাযথভাবে সংরক্ষণ ও গবেষণার আওতায় আনা হলে দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।