মাদারীপুরে বাসচাপায় নিহতের তিনজনের পরিচয় মিলেছে

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের মস্তফাপুর মিল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), মাদারীপুর সদর উপজেলার ১ নম্বর শকনি কলেজরোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০), মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে সাগর।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেইট এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। এরপর গাড়ির নিচ থেকে দেড় ঘণ্টা উদ্ধার পরিচালনা করে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে গাড়ির নিচে আরও থাকতে পারে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মাদারীপুর ফায়ার সার্ভিস উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে এসে প্রথমে তিনজন এরপর প্রায় দেড় ঘণ্টা উদ্ধার পরিচালনা করে গাড়ির নিচে চাপা পড়া আরও তিনজনের মৃত্যুদেহ উদ্ধার করি। এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে। গাড়ির নিচে আরও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।