তারেক রহমানের আগমন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে প্রেসব্রিফিং করেছে জেলা বিএনপি।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাবের মিলনায়তনে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। আগামী ২২ জানুয়ারি বিকালে জেলার সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠে (সরাইল মিনি স্টেডিয়াম) জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। খালেদ হোসেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী।

তিনি বলেন, দেশে আসার পর এবং বিএনপির চেয়ারম্যান হওয়ার প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

মাজার জিয়ারত শেষে তার নির্বাচনী সমাবেশ শুরু হবে সিলেট থেকে। তিনি বেলা ১১টায় সিলেটের আলিয়া মাদরাসায় বক্তব্য রাখবেন। মহাসড়কের পাশে মৌলভীবাজারের শেরপুরে দুপুর একটায় বক্তব্য রাখবেন। তারপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সমাবেশে বক্তব্য রাখবে। তারপর তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়ার সমাবেশে যোগ দেবেন। চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে থাকা দল জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে তিনি বিকাল তিনটা থেকে চারটার মধ্যে বক্তব্য রাখবেন।

তিনি বলেন, নির্বাচনী সভায় সময় নির্ধারণ করা কঠিন। আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে সভা করেছি। সবাইকে সময় বিকাল তিনটা থেকে চারটার কথা বলেছি। তবে সময় বাড়তেও পারে সেটিও নেতাকর্মীদের জানানো হয়েছে। তিনি বলেন, চার থেকে পাঁচ লাখ লোকের সমাগম ঘটবে। সমাবেশেস্থলে মঞ্চে সীমিত লোকজন থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ জোটের শরিক দলের প্রার্থীরাও উপস্থিত থাকবেন। তারা এখন আমাদের দলের প্রার্থী। জোটসহ দলের প্রার্থীদের চেয়ারম্যান সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রেসব্রিফিংয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, সহ-সভাপতি শফিকুল ইসলাম, এ বি এম মোমিনুল হক, জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।