গণমাধ্যমই গণমুখ

গণমাধ্যমের প্রধান কাজ হলো জনগণকে সচেতন করা। এটি শুধু খবর প্রকাশ বা প্রচার করার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং গুরুত্বপূর্ণ তথ্য এবং যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে, জনগণের মতামত গঠনে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যখন গণমাধ্যম সঠিকভাবে কাজ করে, তখন এটি দুর্নীতি এবং অবিচারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে পারে। যে কারণে দেখা যায়, বরাবর গণমাধ্যম সরকারের চক্ষুশূল। একজন স্বৈরশাসক, কখনো গণমাধ্যমের প্রকৃত শক্তিশালী সত্য তথ্যকে ভালোভাবে নেয় না। বিশে^র বিভিন্ন দেশে দেখা গেছে, যখনই  কোনো গুরুত্বপূর্ণ তথ্য সরকারের মুখোশ উন্মোচন করেছে, তখনই তারা খড়গহস্ত হয়েছেন সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে। আর আমাদের দেশে এটি চলছে, সেই স্বাধীনতার পর থেকেই। অথচ এটিই হতে পারে, সরকারের শক্তিশালী সহযোগী, সরকার যদি সত্যিকার অর্থেই দেশপ্রেমিক ও জনস্বার্থের পক্ষে থাকে।

গত শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে দেশের জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রের সম্পাদক, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত হয়ে গণমাধ্যম রক্ষায় কর্তব্য ও করণীয় নিয়ে আলোচনা করেন। সম্পাদক, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংগঠনগুলো এক মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করেন স্পষ্ট বার্তা ভয় দেখিয়ে সাংবাদিকতাকে কোনোভাবেই থামানো যাবে না। এটি কোনো দলীয় সভা ছিল না, কোনো আনুষ্ঠানিক সেমিনারও নয়। এটি ছিল আগুন-সন্ত্রাস, ভয়, হুমকি ও সংগঠিত মব ভায়োলেন্সের মুখে দাঁড়িয়ে প্রথমবারের মতো বাংলাদেশের সাংবাদিক সমাজের সমবেত আত্মপ্রকাশ ও ঘোষণাপত্র। স্বাধীনতার পর কোনো সরকারই সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা থেকে বিরত থাকেনি। গণমাধ্যম সম্মেলনে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জানিয়েছেন ‘সমাজে ভিন্নমত, ভিন্ন কণ্ঠ থাকবে; এই-ই বৈচিত্র্য। প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও আগুন দেওয়া কারও ক্ষোভের বহিঃপ্রকাশ নয়। এটি শুধু একটি ভবনের ওপর আক্রমণ নয়, বরং মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ।’

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ইত্যাদিসহ সব বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে।’ সাংবাদিকতায় পেশাগত স্বাধীনতা, ব্যক্তিপূজা পরিহার ও সাংবাদিকদের বিকল্প দক্ষতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রবীণ সম্পাদক শফিক রেহমান। সরকারের উদ্দেশে ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, ‘সরকার, আপনি মনে রাখবেন, আপনাকে কেউ সত্য কথা বলবে না। আপনার দলীয় লোকরা বলবে না ভয়ে, আপনার সরকারের ব্যুরোক্রেসি (আমলাতন্ত্র) বা ইন্টেলিজেন্স কমিউনিটি (গোয়েন্দা সংস্থা) বলবে না। তারা সব সময় আপনাকে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান, যারা আপনাকে সত্য কথা বলবে।’ এই মুহূর্তে গণমাধ্যমকে নিজস্ব পথে চলতে দেওয়াই উত্তম। পাশাপাশি সরকারকে অবশ্যই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বাধীন সাংবাদিকতাকে সম্মান জানাতে হবে। হয়রানি বন্ধ করতে, আন্তর্জাতিক মানের আইন প্রণয়ন ও প্রয়োগ প্রয়োজন। মনে রাখা দরকার, গণমাধ্যম যা বলে, সেটাই জনগণের প্রকৃত চাওয়া।