নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসার হলে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে প্রতিবছর নগদ অর্থ ছাপানো, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় যে ব্যয় তা সাশ্রয় করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা বাড়বে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহযোগিতায় কুষ্টিয়ায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা জানান।
গতকাল রবিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খাঁন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন খাঁন বলেন, সরকার প্রতিবছর নগদ অর্থ ছাপানো, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। ডিজিটাল লেনদেন, বিশেষ করে বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো গেলে এসব ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। একই সঙ্গে বাড়বে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা। বিশেষ অতিথি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা, দক্ষতা এবং লেনদেনে নিরাপত্তা নিশ্চিত হবে। এ ছাড়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনবে।
ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ডিজিটাল লেনদেনের বিস্তারে দেশের অর্থনীতি হবে আরও স্বচ্ছ, গতিশীল ও নিরাপদ। ইউসিবি গ্রাহকদের সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে। আমরা বিশ্বাস করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ে উঠলে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। ইউসিবি এই রূপান্তরে কাজ করছে।