রংপুরে আখতার

দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ নিতে পারবেন না

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন না। যারা ব্যবসার নামে সরকারের ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি দিয়ে চলেছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। যদি দ্বৈত নাগরিকত্বের মানুষ ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে এনসিপিসহ ১০-দলীয় জোট সারা দেশে প্রতিবাদ জানাবে।’

গতকাল রবিবার সকালে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, দিন শেষে যতই না ভোটের ক্যাম্পেইন কেউ কেউ করুক না কেন, না ভোট নয়, বাংলাদেশের জনগণ হ্যাঁ-এর পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের চূড়ান্ত রায় দেবে। আপামর জনতা, পুলিশ, কৃষক, শিক্ষক, বুদ্ধিজীবী কবি-সাহিত্যিক, আলেম, নারী, হিন্দু-মুসলমান সব ধরনের মানুষের কাছে গণভোটে হ্যাঁ-এর পক্ষে ছাত্রশক্তি ক্যাম্পেইন করবে।