প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

আমিরের নিরাপত্তা চায় জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নিরাপত্তার দাবি জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী যেন প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সুপারিশ করেছে দলটি।

গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের শীর্ষ নেতারা। সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। সন্ধ্যা সোয়া ৬টার দিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করে। জামায়াত আমির ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের কারও নাম উল্লেখ না করে সাংবাদিকদের বলেন, ‘কোনো একটি দলের প্রধানের নিরাপত্তা নিয়ে সরকার বাড়াবাড়ি করছে। কারও নিরাপত্তা বা প্রটোকলে আমাদের আপত্তি নেই। কিন্তু একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের প্রতিও একই ধরনের আচরণ নিশ্চিত করতে হবে। অন্যথায় এটি পক্ষপাতমূলক আচরণ হিসেবে বিবেচিত হবে।’ তিনি জানান, তারা প্রধান উপদেষ্টার কাছে আসন্ন নির্বাচনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে ভোটকেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছেন।

মুহাম্মদ তাহের বলেন, ‘দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একই সঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে নির্বাচন কমিশন দায় এড়াতে পারবে না।’