ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আজ আবারও রাজপথে নামছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ব্যস্ততম সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েত করবেন তারা। গত শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের প্রতিনিধি মো. নাঈম হাওলাদার।
শিক্ষার্থীদের দাবি, গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া প্রকাশ করলেও তা এখনো অধ্যাদেশ আকারে জারি করা হয়নি। গত ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, জানুয়ারির প্রথম সপ্তাহেই অধ্যাদেশ জারি করা হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন।
আন্দোলনরত প্রতিনিধিরা জানান, আজ সায়েন্সল্যাবে স্থাপিত ‘অধ্যাদেশ মঞ্চ’ থেকেই চূড়ান্ত লক্ষ্য অর্জনে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে গত ১৪ ও ১৫ জানুয়ারি রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি মোড় অবরোধ করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল। আজকের গণজমায়েতকে কেন্দ্র করেও সায়েন্সল্যাব ও সংলগ্ন এলাকায় তীব্র যানজট এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।