আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা, যান চলাচল স্বাভাবিক

লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রি বন্ধের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করা ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা আল্টিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেছেন। সড়ক ছেড়ে দেওয়ার পর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটিতে পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

আন্দোলনকারীরা জানান, আগামী ৩০ জানুয়ারির মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রি বন্ধের নির্দেশ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ১ ফেব্রুয়ারি দুই সিটি কর্পোরেশনের ভবন ঘেরাও করা হবে।

এই দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে উত্তর বাড্ডা থেকে একটি মিছিল নিয়ে তারা রামপুরা ব্রিজের দিকে যান। সেখানে গিয়ে আন্দোলনের কর্মসূচি শেষ করেন তারা। এর আগে, সকালে সড়ক অবরোধের কারণে সকাল সাড়ে ৯টা থেকে কুড়িল–রামপুরা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

সড়ক ছাড়ার আগে আন্দোলনকারীরা বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আমরা দুই সিটি কর্পোরেশনকে সময়সীমা দিয়েছি। এর মধ্যে তারা ওই অটোরিকশা বিক্রি বন্ধের ব্যবস্থা করবেন। তা না হলে আমরা ১ ফেব্রুয়ারি দুই সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করব এবং আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা সেখান থেকে উঠবো না।’

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমিন বলেন, ‘আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে চলে গেছে, যান চলাচলর স্বাভাবিক হয়েছে। তারা উত্তর বাড্ডা থেকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে গিয়ে কর্মসূচি শেষ করে।’