দুধ ছাড়া কিছুই পাচ্ছে না নকলার ফিডিং কর্মসূচির শিক্ষার্থীরা

শেরপুরের নকলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা ফিডিং কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ডায়েট তালিকায় সপ্তাহে পাঁচ দিন বিভিন্ন খাদ্যসামগ্রী সরবরাহের কথা থাকলেও গত দুই মাস ধরে শিক্ষার্থীরা শুধু একদিন দুধ পাচ্ছে, অন্য কোনো খাবার পাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, নকলার পাশের উপজেলা ফুলপুরে ফিডিং কর্মসূচির আওতায় সপ্তাহে পাঁচ দিন নিয়মিত খাদ্য বিতরণ করা হলেও নকলায় শুধু সোমবার দুধ সরবরাহ করা হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে দৈনিক ডায়েট তালিকা টাঙানো থাকলেও বাস্তবে দুধ ছাড়া আর কোনো খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে না। এতে চরম হতাশায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

এ বিষয়ে নকলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেন, আমি কিছু জানি না।’

নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল ইসলাম জানান, ‘ফিডিং কর্মসূচির প্রকল্প থেকে আমাদের জানানো হয়েছে ঠিকাদার নিয়োগে জটিলতার কারণে সপ্তাহের অন্যান্য দিন খাবার পরিবেশন করা সম্ভব হচ্ছে না। এ কারণে আমরা প্রতিনিয়ত অভিভাবকদের নানা প্রশ্নের মুখে পড়ছি।’

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর নকলা উপজেলায় ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। ডায়েট তালিকা অনুযায়ী রুটি, কলা, ডিম ও সুপার ফোর্টিফায়েড বিস্কুট দেওয়ার কথা থাকলেও উদ্বোধনের দুই মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা দুধ ছাড়া অন্য কোনো খাদ্যসামগ্রী পায়নি।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, আকিজ ডেইরি লিমিটেডের ‘ফার্ম ফ্রেশ’ ২০০ মিলিলিটার তরল দুধের প্যাকেট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা জানায়, ‘স্যারেরা আমাদের শুধু দুধই দেয়, আর কিছু দেয় না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘এটি জেলা ভিত্তিক একটি কর্মসূচি। শেরপুর জেলায় এখনো ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়নি। আমি নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। ঠিকাদার নিয়োগ শেষ হলেই সপ্তাহের বাকি দিনগুলোতেও ডায়েট বিতরণ শুরু হবে।’

এদিকে দ্রুত ফিডিং কর্মসূচির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা, যাতে শিশুদের পুষ্টি নিশ্চিত করা যায়।