শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) নির্ধারিত সময় অনুযায়ী আয়োজনের দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নিয়ে এই অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ২০ তারিখে শাকসু দিতে হবে—দিয়ে দাও, মব করে শাকসু বন্ধ করা যাবে না, শাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার—এমন বিভিন্ন স্লোগান দেন। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে শাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শাকসু নির্বাচনকে কেন্দ্র করে এর আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা না করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সদস্যদের মধ্যে যাদের মতাদর্শগত অবস্থান প্রশ্নবিদ্ধ, তাদের পদত্যাগ করার আহ্বান জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই ঘোষণার পরিপ্রেক্ষিতে শাকসু নির্বাচন কমিশনের ৮ জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষার্থীরা জানান, নির্ধারিত ২০ জানুয়ারি শাকসু নির্বাচন আয়োজনের সুস্পষ্ট ঘোষণা না এলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।