কুমিল্লা-৬ আসন

বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাহার

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পান। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরই এই সিদ্ধান্ত নেন ইয়াছিন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেন, তিনি দীর্ঘ ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতি করছেন এবং দলের প্রতি তার দায়বদ্ধতা থেকেই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দল আমাকে কুমিল্লার ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব দিয়েছে। দলের স্বার্থ ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করব। তিনি জানান, সকালে মনোনয়ন প্রত্যাহার করতে চাইলেও রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বাইরে থাকায় বিকেল পাঁচটার মধ্যে তা সম্পন্ন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, কুমিল্লার রাজনীতিতে বিভাজনের অবসান হলো। এই সমঝোতা কুমিল্লার জন্য প্রয়োজন ছিল। আমরা সবাইকে নিয়ে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই।

এ সময় আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, দলের স্বার্থে ইয়াছিনের এই ত্যাগ গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে কুমিল্লার ছয়টি আসনে বিএনপি বিজয়ী হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের প্রার্থী মো. জসিম উদ্দিন, বিএনপির বিভাগীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতা এবং মহানগর ও উপজেলা বিএনপির নেতারা। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।