পেশিশক্তি-সন্ত্রাসের কাছে মাথা নত করব না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পেশিশক্তি, সন্ত্রাস ও কালো টাকার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১০ দলীয় জোট সমর্থিত নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষ আর হেভিওয়েট প্রার্থী বা অতীত পরিচয় দেখে রাজনীতি বিচার করবে না; মানুষ দেখবে কে মানুষের জন্য কাজ করছে, কে পাশে আছে এবং কে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এডভোকেট আল আমিন বলেন, ‘নারায়ণগঞ্জ-৪ আসনে এখন মূল প্রশ্ন— কে মানুষের জন্য কাজ করবে এবং কে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে পারবে।’ তিনি দাবি করেন, জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

কালো টাকা ও পেশিশক্তি ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিএনপি জোটসহ অন্যান্য প্রার্থীদের প্রসঙ্গ টেনে বলেন, ‘শুধু মুখে সন্ত্রাস ও কালো টাকার বিরোধিতা করলে হবে না, কাজে তার প্রমাণ দিতে হবে। বাস্তবে দেখা যাচ্ছে, কিছু প্রার্থীর আশপাশে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার ও সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে, যা জনগণ আর দেখতে চায় না।’

তিনি আরও বলেন, ‘এক পাশে সন্ত্রাসী বা চিহ্নিত অপরাধী রেখে আমি সন্ত্রাস চাই না— এ কথা বলা ভণ্ডামি।’ অভিযোগ করে তিনি জানান, কিছু প্রার্থী কালো টাকার প্রভাব দেখিয়ে এলাকায় হুমকি দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। এমনকি জোটের সংগঠকদের কাছেও টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

নারায়ণগঞ্জের চারটি আসনেই অতীতের মতো টাকা ও ক্ষমতার প্রভাব খাটিয়ে ভোট ম্যানিপুলেশনের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন এনসিপি প্রার্থী।

আল আমিন বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই পেশিশক্তি, সন্ত্রাস বা কালো টাকার কাছে মাথা নত করব না। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ধরনের প্রটেকশন দেওয়া হবে না। অতীতেও দিইনি, ভবিষ্যতেও দেব না।’

ভোটের অধিকার রক্ষায় ১০ দলীয় জোট সর্বাত্মকভাবে মাঠে থাকবে জানিয়ে তিনি বলেন, ভোটের দিন যেন জনগণ নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এ বিষয়ে কোনো চাপ বা প্রভাবের কাছে নত না হওয়ার কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার, খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাব্বির আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আলামিন রাকিবসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।