ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অ্যাম্বুল্যান্সে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একটি চলন্ত অ্যাম্বুল্যান্সের হঠাৎ আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহদের ঘটনা ঘটেনি। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর এঘটনা ঘটে।

সিরাজদীখান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আরিফ আনোয়ার জানান, অ্যাম্বুল্যান্সটি রোগী ও রোগীর স্বজনসহ সাতজনকে বহনে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথে কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর পৌঁছে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে ধোঁয়া বের হতে থাকে। পরে অ্যাম্বুল্যান্স থামিয়ে রোগীসহ যাত্রীরা দ্রুত নেমে আসে। যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অ্যাম্বুল্যান্সটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা অক্ষত রয়েছেন বলে জানান তিনি।