বাংলাদেশি ট্রলারসহ ২৪ জেলেকে আটক ভারতের

ভারতের উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) একটি বাংলাদেশি ট্রলারসহ ২৪ জেলেকে আটক করেছে। জব্দ ট্রলারটির নাম এফবি সাফওয়ান। আটক জেলেদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা সূত্রে জানা গেছে, গত রবিবার (১৮ জানুয়ারি) রাতে ভারতীয় কোস্টগার্ড আন্তর্জাতিক জলসীমার কাছে টহল দিচ্ছিল। এ সময় তারা অভিযোগের ভিত্তিতে একটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে, যার মধ্যে ছিলেন ২৪ জন জেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক হওয়ার কথা স্বীকার করেন।

সোমবার সকালে আটক ট্রলার ও জেলেদের ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয় এবং পরে স্থানীয় কোস্টাল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় কর্তৃপক্ষ জেলেদের বিরুদ্ধে জলসীমা অনুপ্রবেশের অভিযোগ আনেছে। মঙ্গলবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।