বিলাসবহুল ঘড়ি নির্মাতা হুবলট উন্মোচন করেছে বিশেষ এক ঘড়ি–ত্রয়ী—**বিগ ব্যাং টুরবিয়ন নোভাক জোকোভিচ গোয়াট এডিশন। হুবলটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নোভাক জোকোভিচের অনন্য ক্যারিয়ার ও রেকর্ডভরা অর্জনকে উদ্যাপন করতেই এই বিশেষ সংস্করণ।
গত নভেম্বরে পেশাদার ক্যারিয়ারের ১০১তম টুর্নামেন্ট জিতে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন জোকোভিচ। টেনিস ইতিহাসে তাঁর নাম লেখা রয়েছে অসংখ্য রেকর্ডে—২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা, প্যারিস অলিম্পিক ২০২৪–এ স্বর্ণপদক, টানা ও মোট মিলিয়ে রেকর্ড ৪২৮ সপ্তাহ বিশ্বের এক নম্বর হিসেবে থাকা এবং রেকর্ড আটবার বছর শেষ করা বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসেবে।
এই ঘড়ি–ত্রয়ীর প্রতিটি সংস্করণে উপকরণ উদ্ভাবন, কারিগরি দক্ষতা ও হুবলটের স্বতন্ত্র ঘড়ি নির্মাণ দর্শনের মেলবন্ধন ঘটানো হয়েছে। টেনিসের তিনটি কোর্ট—হার্ড, ক্লে ও গ্রাস—এর রঙের সঙ্গে মিল রেখে তিনটি রঙে এসেছে ঘড়িগুলো। হার্ড কোর্টে জোকোভিচের জয়ের প্রতীক হিসেবে নীল রঙে ৭২টি, ক্লে কোর্টের জন্য কমলা রঙে ২১টি এবং সবচেয়ে সীমিত সবুজ রঙে ৮টি ঘড়ি তৈরি করা হয়েছে। জকোভিচ নতুন কোনো শিরোপা জিতলে সংশ্লিষ্ট কোর্টের রঙে নতুন ঘড়ি যোগ করবে হুবলট।
৪৪ মিলিমিটার কেসে ব্যবহৃত হয়েছে হুবলট–উদ্ভাবিত বিশেষ কম্পোজিট, যা তৈরি করা হয়েছে জকোভিচের ব্যবহৃত লাকোস্তে পোলো শার্ট ও হেড টেনিস র্যাকেট থেকে। এই হালকা, দৃঢ় ও মার্বেল–ধাঁচের উপাদানটি একান্তই হুবলটের জন্য তৈরি। প্রয়োজনীয় উপাদান পেতে ব্যবহার করা হয়েছে জোকোভিচের ১২টি নীল, ৪টি কমলা ও ২টি সবুজ পোলো শার্ট এবং ১২টি র্যাকেট।
কেসের মাঝের অংশে ব্যবহৃত হয়েছে টিটাপ্লাস্ট®, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী পলিমার হিসেবে পরিচিত। ঘড়ির ভেতরের যন্ত্রাংশেও ফুটে উঠেছে জোকোভিচের গল্প। MHUB6035 অটোমেটিক টুরবিয়ন মুভমেন্টে প্রচলিত সলিড মেইনপ্লেটের বদলে টেনিস র্যাকেটের স্ট্রিংয়ের আদলে তৈরি করা হয়েছে ত্রিমাত্রিক ল্যাটিস কাঠামো। প্রতিটি ‘স্ট্রিং’ মাত্র ০.৫৫ মিলিমিটার পুরু। অত্যাধুনিক লেজার–এনগ্রেভিং প্রক্রিয়ায় এটি একটিমাত্র অংশে তৈরি, যার ওপর রয়েছে কালো পিভিডি কোটিং ও সাদা রঙে জোকোভিচের বিখ্যাত ‘ND1 লোগো।
৭২ ঘণ্টার পাওয়ার রিজার্ভ দেওয়া মেইনস্প্রিং ব্যারেলের ওপরের রোচেটকে টেনিস বলের আদলে সাজানো হয়েছে। লেজার এনগ্রেভিং, রোডিয়াম পালিশ ও বিশেষ ল্যাকার ব্যবহার করে এই অনন্য নকশা সম্পন্ন করা হয়েছে। টুরবিয়ন কেজ অ্যালুমিনিয়ামের, যা কেসের রঙের সঙ্গে মিলিয়ে নীল, কমলা বা সবুজ রঙে অ্যানোডাইজ করা। পুরো মুভমেন্টে রয়েছে মোট ২৯৩টি অংশ।
ডায়ালের ওপর স্যাফায়ার ক্রিস্টালের পাতলা স্তর, সবুজ লুমিনেসেন্ট সুপার–লুমিনোভা®–কোটেড সূচক ও কাঁটা কম আলোতেও সময় দেখার সুবিধা দেয়। স্ট্র্যাপ সাদা চামড়ার, টেনিস র্যাকেটের গ্রিপ টেপের আদলে নকশা করা। ভেতরের দিকটি কেসের রঙের সঙ্গে মিলিয়ে নীল, কমলা বা সবুজ চামড়ায় মোড়া। সঙ্গে রয়েছে ব্যায়ামের সময় ব্যবহারের জন্য সাদা রাবারের অতিরিক্ত স্ট্র্যাপ।
কম্পোজিট বেজেল ধরে রাখা ছয়টি টাইটানিয়াম স্ক্রু টেনিস বলের আকৃতির, যার জন্য বিশেষ এস–আকৃতির স্ক্রু ড্রাইভারও তৈরি করতে হয়েছে হুবলটকে। সামনের ও পেছনের কাচ হিসেবে ব্যবহার করা হয়েছে রাসায়নিকভাবে শক্ত করা গরিলা গ্লাস।
সব মিলিয়ে মাত্র ৫৬ গ্রাম ওজনের এই ঘড়ি খেলাধুলার সময় পরার উপযোগী করেই নকশা করা। কেসব্যাকে খোদাই করা রয়েছে সংস্করণ নম্বর ও লেখা—‘Greatest of All Time’।'
হুবলটের সিইও জুলিয়েন তোরনারে বলেন, “নোভাকের সঙ্গে দ্বিতীয় এই বিশেষ সংস্করণে আমরা তাঁর ঐতিহাসিক সাফল্য ও অদম্য মানসিকতার প্রতিফলন ঘটাতে চেয়েছি। এটি কেবল একটি ঘড়ি নয়, তাঁর জয়ের মানসিকতা ও অতুলনীয় শ্রেষ্ঠত্বের প্রতীক।”
জকোভিচ বলেন, “হুবলটকে ধন্যবাদ এই প্রতীকী ঘড়ি–ত্রয়ীর জন্য। ছোটবেলায় গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন দেখতাম; ২৪টি গ্র্যান্ড স্লাম ও শতাধিক টুর্নামেন্ট জয়ের কথা কল্পনাও করিনি। পরিবার, দল ও ভক্তদের সমর্থনেই এটি সম্ভব হয়েছে। কে জানে, ভবিষ্যতে এই সংগ্রহে আরও ঘড়ি যোগ হবে কি না।”
প্রতিটি ঘড়ির দাম পড়বে ১ লাখ ২৫ হাজার ডলারের বেশি।