ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মুরাদনগরে যুবক আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় সৈয়দ শাহীন (৪৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সৈয়দ শাহীন ওই গ্রামের মৃত সৈয়দ আব্দুস সাত্তারের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ জানুয়ারি) রাতে সৈয়দ শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রীদের সম্পর্কে কটূক্তিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা প্রতিবাদ জানালে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

পরবর্তীতে আজ বিকেলে মুরাদনগর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’