বুধবারের মধ্যে বাংলাদেশ দলের বিশ্বকাপ অংশগ্রহণ চূড়ান্ত হবে- আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর পুরোপুরি অস্বীকার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইসিসি ও বিসিবির মধ্যে বৈঠকে কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি।
ইএসপিএনক্রিকইনফো রবিবার রাতে প্রতিবেদনে উল্লেখ করেছিল, বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নেবে কি না, বিশেষ করে ভারত ভেন্যুতে খেলবে কি না, তা বুধবারের মধ্যে চূড়ান্ত হবে। ঢাকায় শনিবারের বৈঠকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এমনও বলা হয়। এএফপি জানায়, ২১ জানুয়ারির মধ্যে বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার ব্যাপার সিদ্ধান্ত নিতে আল্টিমেটাম দিয়েছে, না হলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুকিতে পড়বে বাংলাদেশ। তবে বিসিবির পক্ষ থেকে এসব তথ্য উড়িয়ে দিয়েছেন আমজাদ হোসেন।
“গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সঙ্গে আমাদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বিশ্বকাপে আমাদের অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে তথ্য আমরা জানিয়ে দেই যে, এই ভেন্যুতে (ভারত) খেলতে আমরা অপারগ এবং বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি। তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। উনারা তখন বলেন যে, এই ব্যাপারগুলি তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দেবেন। এ ব্যাপারে উনারা সুনির্দিষ্টি তারিখ বা কবে নাগাদ জানাবেন, কিছুই বলেননি। শুধুমাত্র জানিয়েছেন, পরবর্তী তারিখটি কবে হবে, আমাদেরকে জানিয়ে দেবেন।”
ভারতে না যাওয়ার বিষয়ে আইসিসি ও বিসিবির দুটি দফায় আলোচনা হয়েছে। প্রথমটি ভিডিও কনফারেন্সে, দ্বিতীয়টি ঢাকায় সরাসরি সভায়। দু’দফাতেই বাংলাদেশ আগের অবস্থানেই অনড় ছিল, আর আইসিসি নিশ্চিত করেছে যে সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।
গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়েছে। বিসিবির পক্ষ থেকে ‘সি’ গ্রুপের বাংলাদেশ এবং ‘বি’ গ্রুপের আয়ারল্যান্ডের স্থান পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি আইসিসি।