অবিশ্বাস্য

পকেটেই ‘স্বর্ণখনি’

মোবাইল ফোনে স্বর্ণ থাকে। এই স্বর্ণ বিদ্যুতের সুপরিবাহী হওয়ায়, মোবাইলে ব্যবহার করা হয়। সহজে স্বর্ণ ক্ষয় হয় না। এতে মরচেও ধরে না। এই সব কারণেই মোবাইল ফোনের ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) বোর্ডের ছোট্ট কানেক্টারগুলোতে স্বর্ণ ব্যবহৃত হয়। কীভাবে পাওয়া যায় এই স্বর্ণ? পুরনো মোবাইল ফোন এবং কম্পিউটারের ফেলে দেওয়া সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) এবং গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে সরানো প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি থেকে ২০ মিনিটেরও কম সময়ে মূল্যবান ধাতু বার করা সম্ভব। এই পদ্ধতিতে পটাশিয়াম পেরোক্সিমোনোসালফেট এবং পটাশিয়াম ক্লোরাইডের একটি সহজ দ্রবণ ব্যবহার করা হয়। যখন এই দ্রবণটি স্বর্ণ বা প্যালাডিয়ামের মতো ধাতুর সংস্পর্শে আসে, তখন ধাতুগুলো নিজেরা বিক্রিয়া আরম্ভ করে। এই দ্রবণ ধাতব পরমাণুগুলোকে ভেঙে দেয়। ফলে স্বর্ণ বা মূল্যবান ধাতুকে সহজেই আলাদা করা যায়। তিনটি ধাপে এই ধাতু নিষ্কাশন পদ্ধতিটি সম্পন্ন করা হয়। প্রথম ধাপে ট্রাইক্লোরোইসোসায়ানিউরিক অ্যাসিড ব্যবহার করে স্বর্ণ দ্রবীভূত করা হয়। ই-বর্জ্য পদার্থ থেকে স্বর্ণ জারিত করার জন্য হ্যালাইড অনুঘটকের মাধ্যমে সক্রিয় করা হয়।  দ্বিতীয় ধাপে দ্রবণ থেকে দ্রবীভূত স্বর্ণকে বেছে জমাট বাঁধানোর জন্য বিশেষভাবে  তৈরি পলিসালফাইড পলিমার সরভেন্ট ব্যবহার করা হয়। তৃতীয় ধাপে স্বর্ণের বিশুদ্ধতাকে পুনরুদ্ধার করা হয় পলিমারটিকে পাইরোলাইজিং বা ডিপলিমারাইজ করে। বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান, এই পদ্ধতি অনুসরণ করে ১০ কেজি পুরনো সার্কিট বোর্ড থেকে প্রায় ১.৪ গ্রাম সোনা পাওয়া যায়। সুতরাং বলা যায় ,আমরা সবাই পকেটে সোনা নিয়ে ঘুরছি।