অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার হাজার কোটি টাকার দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে হুঁশিয়ার করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। গতকাল সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ার করেন তিনি। এদিকে রাজধানীর রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের তোলা অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার হিসেবে আখ্যা দেন আসিফ মাহমুদ।
নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচিতে নাছির উদ্দিন নাছির বলেন, ‘আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে দুটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই-আগস্টে নেতৃত্ব দেওয়া একজন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূইয়া উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন যা ওপেন সিক্রেট। এই দুর্নীতির বিচার অবশ্যই এ দেশের মাটিতেই হতে হবে।’
অভিযোগ ভিত্তিহীন : ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের তোলা অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার হিসেবে আখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, এখন পর্যন্ত তার বিরুদ্ধে যত অভিযোগ তোলা হয়েছে, তার কোনোটির পক্ষে কোনো ‘সলিড’ বা বস্তুনিষ্ঠ প্রমাণ কেউ হাজির করতে পারেনি। আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ প্রমাণ থাকে, তাহলে তা প্রকাশ করা হোক। অভিযোগ প্রমাণিত হলে আমি যেকোনো বিচার মাথা পেতে নিতে প্রস্তুত। ঋণখেলাপি ও স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।