বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিন সময় দিলো ইরান

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে যারা ‘প্রতারিত হয়ে’ অংশ নিয়েছিল, তাদের আগামী তিনদিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় পুলিশ প্রধান আহমদ-রেজা রাদান।

সোমবার (১৯ জানুয়ারি) এ কথা জানান ইরানের জাতীয় পুলিশপ্রধান। খবর রয়া নিউজের।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে আহমদ-রেজা রাদান বলেন, যেসব তরুণ অনিচ্ছাকৃতভাবে দাঙ্গায় জড়িয়ে পড়েছে, তাদের শত্রু নয় বরং প্রতারিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইরানের শাসন-ব্যবস্থায় তাদের প্রতি ‘নমনীয় আচরণ’ করা হবে এবং আত্মসমর্পণের জন্য তাদের ‘সর্বোচ্চ ৩ দিন সময়’ দেয়া হয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ হিসেবে বিবেচিত হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

স্থানীয় সময় রবিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দেন।

একই সঙ্গে পেজেশকিয়ান বলেন, গত দুই সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও শত্রুতার বড় ভূমিকা রয়েছে।