অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শিক্ষার্থী হয়রানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সোমবার (১৯ জানুয়ারি) রাতে জরুরি এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি নিয়মিত কার্যক্রম চালানোর অনুকূল নয়। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয়।

এর আগে গত রবিবার অভিযুক্ত দুই শিক্ষককে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীর ও একই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিন।

শিক্ষার্থীদের অভিযোগ, লায়েকা বশীর হিজাব-নিকাব পরা মুসলিম নারী শিক্ষার্থীদের ক্লাসে প্রকাশ্যে অপমান, ইসলামিক বিধান নিয়ে কটূক্তি এবং মানসিক নির্যাতন করতেন। তার বিরুদ্ধে ক্লাসে নামাজে বাধা দেওয়া, নিকাব খুলতে চাপ দেওয়া এবং পরীক্ষায় বৈষম্যমূলক নম্বর দেওয়ারও অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের দাবি, এসব কর্মকাণ্ডের ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে।

অন্যদিকে, ড. মহসিনের বিরুদ্ধে আওয়ামী রাজনৈতিক পক্ষপাতমূলক তৎপরতার অভিযোগ আনা হয়। দুই শিক্ষককে বহিষ্কারের পরও পরিস্থিতি শান্ত না হওয়ায় শেষ পর্যন্ত ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

গত ১৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।