চট্টগ্রামের বাঁশখালী সাগর উপকূলে বঙ্গোপসাগরের মোহনায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ ট্রলিং বোট ও জাল জব্দ করেছে মৎস্য দপ্তর ও কোস্টগার্ড। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ৩টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি অবৈধ ট্রলিং বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা সন্দেহভাজনরা সংকেত অমান্য করে দ্রুতগতিতে বোটটি পার্শ্ববর্তী নদীর তীরে রেখে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটি তল্লাশি করে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল এবং ২ হাজার ৮০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করে বোটটি জব্দ করে।
তিনি জানান, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।