কুমিল্লা-২ আসনের সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রেখে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে এ আদেশ দেন। এতে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত ইসির পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসনের নির্বাচন হবে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনসংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণা করে তা আগের অবস্থায় ফিরিয়ে আনতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।
গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন। সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম রিট আবেদন করেছিলেন।
উল্লেখ্য, আগে কুমিল্লা-২ আসনে মেঘনা ও তিতাস উপজেলা ছিল। এখন তাতে যুক্ত হয়েছে হোমনা। মেঘনাকে স্থানান্তরিত করা হয়েছে কুমিল্লা-১ আসনে। আপিল বিভাগের আজকের রায়ে ইসির এই সীমানা বহাল থাকল।