ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ডিবির একটি বিশেষ দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে।
ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডিবি সদস্যরা এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করেছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ডিবি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা বিভিন্ন মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে প্রায় দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। শুধুমাত্র ধানমন্ডি থানাতেই তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা কার্যকর আছে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়েছিল। শামীমা ২০২২ সালের এপ্রিল মাসে এবং রাসেল একই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি লাভ করেন।