পররাষ্ট্রনীতির বিরুদ্ধে সরব মার্কিন শীর্ষ ধর্মীয় নেতারা

যুক্তরাষ্ট্রের শিকাগো, ওয়াশিংটন ও নিউয়ার্কের রোমান ক্যাথলিক গির্জার প্রধানরা যৌথ বিবৃতিতে দেশটির বর্তমান পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। কার্ডিনাল ব্লেজ কাপিচ, রবার্ট ম্যাকএলরয় ও জোসেফ টোবিন বলেন, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কর্মকাণ্ড গুরুতর নৈতিক প্রশ্নের জন্ম দিচ্ছে।

বিবৃতিতে তারা সতর্ক করেন, ভেনেজুয়েলা, ইউক্রেন ও গ্রিনল্যান্ডের মতো অঞ্চলে সামরিক শক্তির ব্যবহার এবং বহুপাক্ষিক কূটনীতির অবক্ষয় মানব মর্যাদা, জীবনের অধিকার ও ধর্মীয় স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

যুক্তরাষ্ট্রের এখন সত্যিকারের নৈতিক পররাষ্ট্রনীতি প্রয়োজন বলে মন্তব্য করে আর্চবিশপরা সংকীর্ণ জাতীয় স্বার্থে যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহারের ধারণা প্রত্যাখ্যান করেন। তারা বলেন, সামরিক পদক্ষেপকে চরম ও ব্যতিক্রমী পরিস্থিতিতে কেবল শেষ অবলম্বন হিসেবে বিবেচনা করা উচিত—এটি কোনোভাবেই জাতীয় নীতির স্বাভাবিক উপকরণ হতে পারে না।

পোপ লিও চতুর্দশের সাম্প্রতিক বক্তব্য থেকে অনুপ্রেরণা নিয়ে কার্ডিনালরা শক্তির বদলে সংলাপ, শান্তি ও অর্থনৈতিক সহায়তাভিত্তিক পররাষ্ট্রনীতির আহ্বান জানান। তারা বিশ্বজুড়ে 'যুদ্ধের প্রতি বাড়তে থাকা উন্মাদনা' নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।