প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বাড়তে থাকে মালিকরা। কিন্তু এখন থেকে দুই বছরের আগে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। এই নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশান-২ এর নগর ভবনে‘ঢাকার বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ’ বিষয়ক সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, জানুয়ারি মাসে বাড়ি ভাড়া বাড়ানো একটি সাধারণ প্রথা, যা বন্ধ করতে হবে। বাড়ি ভাড়া বৃদ্ধির সময় হবে বছরের নির্দিষ্ট অর্থবছরের জুন-জুলাই।
নতুন নির্দেশিকায় বাড়িওয়ালাদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। বাড়িটি বসবাসের উপযোগী রাখা, ইউটিলিটি সেবা (গ্যাস, বিদ্যুৎ, পানি) নিশ্চিত করা এবং গৃহস্থালি বর্জ্য নিয়মিত সংগ্রহ করা বাধ্যতামূলক। এছাড়া ছাদ, বারান্দা বা উন্মুক্ত স্থানে সবুজায়ন করার সুযোগ থাকবে। নিরাপত্তার স্বার্থে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেইটের চাবি শর্তসাপেক্ষে দিতে হবে।
ভাড়াটিয়াদের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া প্রদান করতে হবে এবং ভাড়ার লিখিত রশিদ সংগ্রহ করতে হবে। বাড়িতে ভাড়াটিয়ার প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে, আর বাড়িওয়ালা কোনো পরিবর্তন বা নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নিলে ভাড়াটিয়াকে জানানোর বাধ্যবাধকতা থাকবে।
নির্ধারিত ভাড়া দুই বছরের জন্য বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। দুই বছরের পরই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভাড়া পরিবর্তন করা সম্ভব। এছাড়া ভাড়াটিয়া নিয়মিত ভাড়া না দিলে বাড়িওয়ালা লিখিত সতর্কতা দিয়ে চুক্তি বাতিল ও উচ্ছেদ করতে পারবেন বলে উল্লেখ করা হয়।