ভিনিসিয়ুসকে কটাক্ষের জবাবে রিয়াল সমর্থকদের যা বললেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ সমর্থকদের উদ্দেশে সংযমের আহ্বান জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিয়ুস জুনিয়রকে এককভাবে দলের ব্যর্থতার দায়ী না করার অনুরোধ জানিয়ে ফরাসি তারকা বলেছেন, খারাপ খেললে দায়টা পুরো দলেরই।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে মোনাকোর বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, “আমি সমর্থকদের অনুভূতি বুঝি, কারণ আমরা ঠিকভাবে খেলতে পারছি না। কিন্তু যদি দুয়োধ্বনি দিতেই হয়, সেটা পুরো দলকে দিন। একজন খেলোয়াড়কে আলাদা করে টার্গেট করা উচিত নয়। আমরা যেমন খেলছি, তার জন্য ভিনিসিয়ুস দায়ী নয়—এটা আমাদের সবার দায়।”

শনিবার লেভান্তের বিপক্ষে ২–০ গোলে জয়ের ম্যাচেও সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তেজনা চরমে ওঠে। ম্যাচের আগে একাদশ ঘোষণার সময় ভিনিসিয়ুসকে জোরালো দুয়োধ্বনি শুনতে হয় এবং পুরো ম্যাচজুড়েই ব্রাজিলিয়ান উইঙ্গার ছিলেন সমর্থকদের কটাক্ষের লক্ষ্যবস্তু। সেই দৃশ্যে মানসিকভাবে ভেঙে পড়া ভিনিসিয়ুসকে মাঠে নামার আগে সান্ত্বনা দিতেও দেখা যায় এমবাপ্পেকে।

রিয়ালের এই অস্থিরতার পেছনে রয়েছে টালমাটাল সময়। চলতি মাসে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার, এরপর দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের বিপক্ষে কোপা দেল রে থেকে ৩–২ গোলে বিদায়—সব মিলিয়ে সমর্থকদের হতাশা বেড়েছে। এর সঙ্গে গত সপ্তাহে কোচ জাভি আলোনসোর বরখাস্তও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। কোচ ও ভিনিসিয়ুসের মধ্যে মতবিরোধের খবরও উত্তেজনা বাড়িয়েছে।

এমবাপ্পে ভিনিসিয়ুসের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, “ভিনিসিয়ুসও আমাদের মতোই একজন মানুষ। সে অসাধারণ প্রতিভাবান এবং দারুণ একজন মানুষ। আমরা সবাইকে তাকে আরও ভালোভাবে রক্ষা করতে হবে। রিয়াল মাদ্রিদে সে একা নয়—আমরা সবাই তার সঙ্গে আছি। ও যখন সেরা ছন্দে থাকে, তখন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।”

লেভান্তের বিপক্ষে জয়ে তিন পয়েন্ট পেলেও বার্নাব্যুর চাপা উত্তেজনা স্পষ্ট করেছে সাম্প্রতিক হতাশার রেশ কতটা গভীর। যদিও রিয়াল লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়েছে, তবু সমর্থকেরা উন্নতি দেখতে মুখিয়ে। মোনাকোর বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি জিতলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করার পথে রিয়াল এগোবে—এবং নতুন করে ছন্দ ফেরানোর পাশাপাশি দলকে ঐক্যবদ্ধ সমর্থনের পরিবেশও তৈরি হতে পারে।