নবম জাতীয় পে-স্কেল নিয়ে শেষ সভা করতে যাচ্ছে পে কমিশন। আগামীকাল বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, কাল বেলা ১২টায় পূর্ণ কমিশনের সভা শুরু হবে। সভায় পে-স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত বিকেলে সেটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেল ৫টায় দেখা করার সময় নির্ধারণ হয়েছে।
পে কমিশনের এক সদস্য বলেন, ‘নবম পে-স্কেলের সবকিছুই মোটামুটি চূড়ান্ত। বিষয়গুলো আরেকবার রিভাইজ করা হবে। কমিশনের সভায় খসড়া সুপারিশ পর্যালোচনা শেষে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।’
সুপারিশ প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই সদস্য আরও বলেন, ‘কমিশনের সুপারিশের কপি কোনো সদস্যের কাছেই থাকবে না। এটি কেবল প্রধান উপদেষ্টার কাছে থাকবে। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সময় আরও কয়েক কপি প্রিন্ট করা হতে পারে।’
কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।
এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান।