সংসদ সদস্যের যোগ্যতা ক্ষমতা দায়বদ্ধতা

গণতন্ত্রে ভোট দেওয়া কেবল একটি আনুষ্ঠানিক রাজনৈতিক প্রক্রিয়া নয়; এটি একটি সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত, যার মাধ্যমে নাগরিকরা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের হাতে অর্পণ করেন। এই ক্ষমতা অর্পণ তখনই অর্থবহ হয়, যখন ভোটাররা জানেন, তারা কাকে ভোট দিচ্ছেন যে পদে যাকে নির্বাচিত করছেন, তার দায়িত্ব কী এবং সেই প্রার্থী এসব দায়িত্ব পালনে কতটা যোগ্য ও প্রস্তুত? দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশে এই মৌলিক গণতান্ত্রিক শর্তটি এখনো দুর্বলভাবে প্রতিষ্ঠিত। বাস্তবতা হলো, নাগরিকদের প্রায়ই সংসদ সদস্য নির্বাচনে অংশ নিতে বলা হয়। কিন্তু প্রার্থীর যোগ্যতা, দক্ষতা কিংবা সংসদ সদস্য হিসেবে তাদের দায়িত্ব পালনের সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ও তুলনাযোগ্য তথ্য তাদের হাতে থাকে না। ভোটাররা জানেন, কার ইশতেহার কী। কিন্তু জানেন না, এই ইশতেহার বাস্তবায়ন ও তদারকির সাংবিধানিক দায়িত্ব যার কাঁধে পড়বে, তিনি আদৌ সেই কাজের জন্য প্রস্তুত কিনা? বাস্তবে একজন সংসদ সদস্যের ভূমিকা, প্রতীকী প্রতিনিধিত্বের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ও জটিল। সংসদ সদস্যদের আইন প্রণয়ন, সংশোধন ও বিতর্কে সক্রিয়ভাবে অংশ নিতে হয়। বর্তমানে সাত ট্রিলিয়ন টাকারও বেশি আকারের জাতীয় বাজেট অনুমোদন ও তদারকি করতে হয়; সংসদীয় কমিটির মাধ্যমে মন্ত্রণালয় ও সরকারি সংস্থার জবাবদিহি নিশ্চিত করতে হয়; মহাহিসাব নিরীক্ষকের প্রতিবেদন পর্যালোচনা করতে হয় এবং সর্বোপরি জাতীয় নীতির কাঠামোর মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করতে হয়। এসব দায়িত্ব পালনের জন্য প্রয়োজন বিশ্লেষণী সক্ষমতা, আইন ও অর্থনীতি সম্পর্কে ধারণা এবং দৃঢ় নৈতিক মানদণ্ড। অথচ ভোটাররা প্রায় কোনো তথ্যই পান না। মনোনয়নপত্রে প্রার্থীর সম্পদ ও দায়ের বিবরণ থাকলেও, আইন প্রণয়ন বা বাজেট বিশ্লেষণের সক্ষমতা সম্পর্কে সেখানে কিছুই বলা থাকে না। ফলে ভোটের সিদ্ধান্ত অনেক সময় দলীয় আনুগত্য, ব্যক্তিগত প্রভাব কিংবা স্থানীয় পৃষ্ঠপোষকতার ওপর নির্ভর করে, সংসদীয় দায়িত্ব পালনের উপযোগিতার ওপর নয়।

এই ব্যবধানের বাস্তব প্রভাব স্পষ্ট। বাংলাদেশ জাতীয় সংসদ আইন প্রণয়নের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয়। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনটি সংসদ মেয়াদে পাঁচ শতাধিক আইন ও বড় ধরনের সংশোধনী পাস হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে এটি একটি উচ্চ আইন-উৎপাদনশীল সংসদের পরিচয় বহন করে। তবে একই সঙ্গে বিভিন্ন গবেষণা ও শাসনসংক্রান্ত প্রতিবেদনে ধারাবাহিকভাবে উঠে এসেছে বাস্তবায়নের ঘাটতির কথা। বহু আইনের অধীনে প্রয়োজনীয় বিধিমালা সময়মতো প্রণীত হয় না বা আংশিকভাবে কার্যকর হয়। সংসদীয় পর্যায়ে আইন পাসের পর তার বাস্তব প্রভাব মূল্যায়নের কোনো নিয়মিত প্রক্রিয়া নেই। মহা-হিসাব নিরীক্ষকের বহু আপত্তি বছরের পর বছর নিষ্পত্তি হয় না। অর্থাৎ আইন প্রণয়নের গতি বাস্তবায়নের গতিকে অনেক ক্ষেত্রেই ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক তুলনা এই বাস্তবতাকে আরও পরিষ্কার করে। আন্তঃসংসদীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের গবেষণা দেখায়, যেসব সংসদ আইনকে বাস্তব ফলাফলে রূপ দিতে সক্ষম, সেগুলোর কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, শক্তিশালী ও কার্যকর সংসদীয় কমিটি, সংসদ সদস্যদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ ও অভিষেক কর্মসূচি, কঠোর নৈতিকতা ও স্বার্থসংঘাত নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সংসদীয় কর্মসম্পাদনের স্বচ্ছ প্রকাশ। প্রতিষ্ঠিত গণতন্ত্রগুলোর ৭০ শতাংশেরও বেশি দেশে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য প্রথম বছরের মধ্যেই বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, যেখানে সংসদীয় কার্যপ্রণালি, বাজেট তদারকি ও নৈতিকতা অন্তর্ভুক্ত থাকে। বাংলাদেশে এ ধরনের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো গড়ে ওঠেনি।

যুক্তরাজ্য, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো দেশে, সংসদ সদস্যরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ এবং দৈনন্দিন শাসনকার্যে হস্তক্ষেপ করেন না। তাদের ভূমিকা সীমাবদ্ধ আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও তদারকিতে। ভারতে নানা সীমাবদ্ধতা থাকলেও, সংসদীয় কমিটিগুলো তুলনামূলকভাবে সক্রিয় এবং সংসদ সদস্যদের প্রশাসনিক ভূমিকা আনুষ্ঠানিকভাবে সীমিত। এসব ব্যবস্থায় সংসদ সদস্যদের হাতে উন্নয়ন বা প্রশাসনিক বিষয়ে ইচ্ছাধীন ক্ষমতা না থাকায় সুযোগসন্ধানী স্বার্থান্বেষী আচরণের প্রবণতা কমে এবং ব্যবসায়িক গোষ্ঠীর দ্বারা রাজনীতি প্রভাবিত হওয়ার ক্ষেত্র সংকুচিত হয়। কিন্তু বাংলাদেশে পরিস্থিতি ভিন্ন। এখানে সংসদ সদস্যদের কাছ থেকে প্রত্যাশা করা হয়, তারা উন্নয়ন প্রকল্পে সরাসরি প্রভাব রাখবেন কিংবা স্থানীয় প্রশাসনে হস্তক্ষেপ করবেন। তুলনামূলক রাজনৈতিক অর্থনীতির গবেষণা দেখায়, যখন আইনপ্রণেতারা উন্নয়ন তহবিল বা প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেন, তখন রাজনীতি ব্যয়বহুল হয়ে ওঠে, ব্যবসায়িক ও স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রবেশ বাড়ে, সংসদীয় তদারকি দুর্বল হয় এবং পৃষ্ঠপোষকতা প্রতিনিধিত্বকে ছাপিয়ে যায়।

এই বাস্তবতায় সংস্কার অর্থবহ করতে হলে তা নির্বাচনের পর নয়, নির্বাচনের আগেই শুরু করতে হবে। ভোটারদের অবশ্যই জানতে হবে, সংসদ সদস্যের কাজ কী এবং প্রার্থী সেই কাজের জন্য কতটা যোগ্য। যোগ্যতা ও সক্ষমতাকে ইশতেহারের আগেই গুরুত্ব দিতে হবে, কারণ ইশতেহার উদ্দেশ্য প্রকাশ করে, কিন্তু সেই উদ্দেশ্য বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব সংসদ সদস্যের। এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা। দলগুলো চাইলে মনোনয়নের ক্ষেত্রে সংসদ সদস্যের কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানদণ্ড নির্ধারণ করতে পারে। নাগরিকদের জানার অধিকার আছে, তারা কাকে ভোট দিচ্ছেন এবং সেই ব্যক্তি কোন দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হচ্ছেন। শক্তিশালী ম্যান্ডেট ছাড়া সংসদ কার্যকর, দক্ষ ও স্বচ্ছ হতে পারে না, যত আইনই পাস হোক না কেন। বাংলাদেশের সংবিধান বলে দেয়, কে নির্বাচনে দাঁড়াতে পারে। কিন্তু গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করে কারা নির্বাচিত হয় এবং তারা কতটা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তার ওপর। তাই সংস্কার শুরু করতে হবে গণতন্ত্রের সূচনাবিন্দু থেকে। এটি কেবল কথার কথা নয়। একই সঙ্গে যারা ভোট দেবেন, তাদেরও সচেতন করতে হবে। এর জন্য যদি অনেক কিছু ঢেলে সাজাতে হয়, সেভাবেই হবে। তবে একজন সাংসদের আচরণকে বাধ্যতামূলক জবাবদিহির মধ্যে আনতে হবে কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ।  

লেখক : কলামিস্ট ও আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ

rahat.sikdar@gmail.com