বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায়, দেশের সাধারণ নাগরিকদের জন্য বিদেশ ভ্রমণ বা অভিবাসনের ক্ষেত্রে ভিসা পাওয়া ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এই সংকটের পেছনে একক কোনো কারণ নেই। বরং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বেশ কিছু বিষয়ের জটিল মিশ্রণ দায়ী। এটা সত্যি, ভিসা জটিলতায় আমাদের বিদেশে ভ্রমণ আগের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমেছে। একই সঙ্গে ভিসা জটিলতা আরও বাড়ছে। কারণ ভিসা পেতে যুক্ত হচ্ছে নতুন নতুন শর্ত। এখন থেকে যুক্তরাষ্ট্রের বিজনেস ও ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশিদের ৫ থেকে ১৫ হাজার ডলার জামানত দিতে হবে। আজ ২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য এ নিয়ম কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন, গত বছর আগস্টে জাম্বিয়া ও মালাউইর নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে ‘ভিসা বন্ড’ (ভিসা পেতে জামানত) বাধ্যতামূলক করে। এরপর আরও কয়েকটি দেশকে ওই তালিকায় যোগ করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকেও ‘ভিসা বন্ড’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অনেকের ভিসার মেয়াদ শেষে অবস্থানের কারণেই, বাংলাদেশের জন্য ‘ভিসা বন্ড’ চালু করেছে যুক্তরাষ্ট্র। আগে এই দেশ সাধারণত বছরে ৫ থেকে ৬ লাখ ভ্রমণ ভিসা দিত। সম্প্রতি এ সংখ্যাটি নেমে গেছে দুই লাখেরও কমে। অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর পর্যটন ভিসা, কার্যত বন্ধ করে দেয় ভারত। অন্যদিকে ঘোষণা ছাড়াই ইউরোপ ও এশিয়ার অনেক দেশের ভিসা পাওয়াও কঠিন হয়ে উঠেছে। কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় দেশগুলোও ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় অনেক কম ভিসা দিচ্ছে। আগে প্রতিদিন যেখানে ৫ থেকে ৬ হাজার মানুষ ভারতে যাওয়ার জন্য আবেদন করত, সেখানে বর্তমানে মাত্র ১৫০০ থেকে ২০০০ মানুষ আবেদন করছে। এরমধ্যে বেশিরভাগই মেডিকেল ভিসার আবেদন।
একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা, সেই দেশের নাগরিকদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন অস্থিরতা এবং রাজনৈতিক পটভূমি পরিবর্তনের প্রেক্ষাপটে অনেক উন্নত দেশ তাদের ভিসা নীতি কঠোর করেছে। নিরাপত্তার অজুহাতে অনেক দেশ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ধীর করে দিয়েছে। কিছু সংখ্যক বাংলাদেশিকে ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসায় গিয়ে নির্দিষ্ট সময়ের পর দেশে ফিরে না আসার প্রবণতা দেখা যায়। ফলে ভিসা প্রদানকারী দেশগুলোর মধ্যে অবিশ্বাস তৈরি হতে পারে, যা সৎ ভ্রমণকারীদের জন্য ভিসা প্রাপ্তি কঠিন করে তুলছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করা এবং নির্দিষ্ট সময় শেষে দেশে ফিরে আসা গুরুত্বপূর্ণ। ভিসা আবেদনের ক্ষেত্রে জাল নথিপত্র বা ভুয়া তথ্য ব্যবহারের কিছু ঘটনা ভিসা প্রক্রিয়ার জটিলতা বাড়িয়েছে। এ ধরনের ঘটনা ভিসা কর্র্তৃপক্ষের যাচাই-বাছাই প্রক্রিয়াকে আরও কঠোর করে তোলে, যার ফলে সাধারণ আবেদনকারীদেরও সমস্যার সম্মুখীন হতে হয়। সঠিক তথ্য ও কাগজপত্র জমা দেওয়া ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য অত্যাবশ্যক।
আন্তর্জাতিক পাসপোর্ট সূচকে একটি দেশের অবস্থান, সেই দেশের নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বাংলাদেশের পাসপোর্টের বর্তমান র্যাংকিং উন্নত দেশগুলোতে ভিসা পেতে দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার প্রয়োজনীয়তা তৈরি করে। পাসপোর্টের মান উন্নয়নের জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা প্রয়োজন। বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপড়েন অনেক সময় ভিসা নীতির ওপর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বা অর্থ পাচার সংক্রান্ত কঠোর নীতিমালার কারণেও ভিসা প্রক্রিয়াকরণ কঠিন হতে পারে, যা সাধারণ আবেদনকারীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। বাংলাদেশে অবস্থিত অনেক বিদেশি দূতাবাস প্রচুর সংখ্যক ভিসা আবেদনের চাপ সামলাতে পর্যাপ্ত জনবল বা কারিগরি অবকাঠামোর অভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এর ফলে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট পেতে বা ভিসা প্রক্রিয়াকরণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। এই সমস্যাগুলো সমাধানের জন্য কূটনৈতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে, নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং ভিসা আবেদনের ক্ষেত্রে সততা ও স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশের আইন ও নিয়ম মেনে চলা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরে আসা দীর্ঘমেয়াদি ভিত্তিতে বাংলাদেশের পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করবে, যা ভিসা প্রাপ্তি সহজ করার ক্ষেত্রে সহায়ক হবে।
দুই. ভিসা প্রাপ্তির সংকট নিরসন এবং বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা বৃদ্ধির জন্য সরকারি ও ব্যক্তিগত, উভয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এজন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উন্নত দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা জোরদার করতে হবে। বিশেষ করে যেসব দেশে বাংলাদেশিদের যাওয়ার প্রবণতা বেশি (যেমন: ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য), তাদের সঙ্গে ‘ভিসা ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট’ বা ভিসা সহজীকরণ চুক্তি করার উদ্যোগ নেওয়া দরকার। বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বদরবারে সঠিকভাবে উপস্থাপন করা জরুরি। শুধু অদক্ষ শ্রমিক না পাঠিয়ে দক্ষ ও পেশাদার জনবল পাঠানোর দিকে নজর দিতে হবে। আইটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, নার্স ও চিকিৎসকদের জন্য বিশেষ কোটা বা সহজ ভিসা স্কিম চালুর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চুক্তি করা যেতে পারে। দক্ষ জনশক্তি কখনোই কোনো দেশের জন্য বোঝা হয় না, বরং তারা সম্মানের সঙ্গে ভিসা পায়। ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট, কাজের অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ব্যবহার কঠোরভাবে দমন করতে হবে। সরকারিভাবে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা যেতে পারে, যা বিদেশি দূতাবাসগুলো প্রয়োজনে যাচাই করতে পারবে। এতে স্বচ্ছতা বাড়বে এবং বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আবেদনকারী হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব সঠিক তথ্য প্রদান করা। ট্রাভেল এজেন্টদের ওপর অন্ধভাবে নির্ভর না করে সরাসরি দূতাবাসের ওয়েবসাইট থেকে সঠিক নিয়ম জেনে আবেদন করা উচিত। আপনি যদি ভিসার শর্ত মেনে চলেন এবং সময়মতো ফিরে আসেন, তবে তা ভবিষ্যতে আপনার এবং দেশের অন্য নাগরিকদের জন্য ভিসার দুয়ার উন্মুক্ত রাখবে।
তিন. ভিসা রিজেক্ট হলে সাধারণত রিজেকশন লেটারে এর কারণ উল্লেখ থাকে। সাধারণ কারণগুলোর মধ্যে থাকতে পারে ভুল তথ্য প্রদান, পর্যাপ্ত আয়ের প্রমাণের অভাব, বা ভ্রমণের অস্পষ্ট উদ্দেশ্য। অনেক দেশের ক্ষেত্রে (যেমন: জার্মানি বা শেঞ্জেন দেশগুলো) সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক মাসের মধ্যে লিখিত আপিল করার সুযোগ থাকে। যদি প্রশাসনিক কোনো ভুল থাকে, তবে নির্দিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করা যেতে পারে। যদি আপিলের সুযোগ না থাকে (যেমন : বাংলাদেশ থেকে ভারত বা কিছু নির্দিষ্ট ট্যুরিস্ট ভিসা), তবে আগের ভুলগুলো সংশোধন করে পুনরায় নতুন করে আবেদন করাই একমাত্র পথ। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের ই১/ই২ ভিসার জন্য ক্ষেত্রবিশেষে ১৫,০০০ ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দেওয়ার নিয়ম চালু হয়েছে। ইন্টারভিউয়ের সময় কনস্যুলার অফিসার এটি প্রয়োজন কি না তা জানিয়ে দেবেন। ২০২৬ সালের শুরু থেকে নিরাপত্তাজনিত কারণে ভারতে অবস্থিত বাংলাদেশের তিনটি মিশনে (নয়াদিল্লি, কলকাতা, আগরতলা) ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাসের ওয়েবসাইটের আপডেট নিয়মিত চেক করা জরুরি। সব সময় পাসপোর্টের সঙ্গে মিল রেখে নির্ভুল তথ্য প্রদান করুন। ২০২৬ সালে অনেক দেশ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘পাবলিক’ রাখার মতো বাড়তি ভেরিফিকেশন শর্ত যুক্ত করেছে। ভিসা প্রাপ্তি সহজ করতে ২০২৬ সালের নিয়মাবলি অনুযায়ী নির্ভুল প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার ভ্রমণের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সঠিক ক্যাটাগরি (যেমন : ট্যুরিস্ট, স্টুডেন্ট বা বিজনেস) বেছে নিন। আবেদন ফরমে কোনো তথ্য গোপন করবেন না বা ভুল তথ্য দেবেন না। পাসপোর্টের তথ্যের সঙ্গে সব তথ্যের হুবহু মিল থাকতে হবে।
ব্যাংক স্টেটমেন্টে গত ৩ থেকে ৬ মাসের লেনদেন স্বাভাবিক রাখুন। হঠাৎ করে বড় অঙ্কের টাকা জমা দিলে তা রিজেকশনের কারণ হতে পারে। তহবিলের উৎস পরিষ্কারভাবে ব্যাখ্যা করুন। ভ্রমণ শেষে আপনি নিজ দেশে ফিরে আসবেন, এর প্রমাণ হিসেবে চাকরি বা ব্যবসার কাগজপত্র, স্থাবর সম্পত্তির দলিল এবং পারিবারিক সম্পর্কের প্রমাণপত্র জমা দিন। ২০২৬ সালে অনেক দেশ (যেমন : যুক্তরাষ্ট্র) আবেদনকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাবলিক রাখার এবং স্মার্টফোনের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য আপলোড করার সুবিধা চালু করেছে। এগুলো সঠিকভাবে সম্পন্ন করুন। ভ্রমণের অন্তত ৪ থেকে ৮ সপ্তাহ আগে আবেদন সম্পন্ন করুন। শেষ মুহূর্তের তাড়াহুড়ো বা ভুল এড়াতে এটি সবচেয়ে কার্যকর। কেন যাচ্ছেন, কোথায় থাকবেন এবং কবে ফিরবেন তা একটি সুন্দর কাভার লেটারে বিস্তারিত লিখুন। হোটেল বুকিং ও বিমানের টিকিট বুকিংয়ের কপি সঙ্গে রাখুন।
চার. ভিসা সংকট কেবল একটি প্রশাসনিক সমস্যা নয়, এটি একটি জাতীয় ইমেজের বিষয়। সরকারের সঠিক নীতি এবং নাগরিকদের দায়িত্বশীল আচরণ এই দুইয়ের সমন্বয়েই কেবল ভিসা সংকট থেকে উত্তরণ সম্ভব। ২০২৬ সালে দাঁড়িয়ে ডিজিটাল বাংলাদেশের সফলতাকে কাজে লাগিয়ে, আমাদের পাসপোর্টের গ্রহণযোগ্যতা সারা বিশ্বে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি। এই পথ অনুসরণ করলেই বাংলাদেশিদের জন্য সারা বিশ্বে ভ্রমণ সহজতর হবে।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট
drharun.press@gmail.com