সংগঠনকে বিভ্রান্ত করা যাবে না : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

সংগঠন এগিয়ে যাওয়ার পূর্বশর্ত হলো মহৎ উদ্দেশ্যে অবিচল থাকা। কোনো পরিস্থিতিই যেন সংগঠনকে বিভ্রান্ত না করে। তবেই একটি সংগঠন সঠিকভাবে পরিচালিত হয়। মোটকথা, উদ্দেশ্য মহৎ হলেই শুধু লক্ষ্য অর্জন সম্ভব। সম্প্রতি বিদ্যুৎ ভবনের মুক্তি হলে আয়োজিত ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম।

তিনি বলেন, একটি সংগঠন একটি প্রতিষ্ঠানের ধারক ও বাহকের ভূমিকা পালন করে। ব্যক্তিগত উন্নয়ন এবং জ্ঞান ও গরিমা সংগঠনকে ত্বরান্বিত করে। ব্যক্তিগত স্বার্থ সেটাকে আবার পিছিয়ে দেয়। তবে অন্যের সঙ্গে সুস্থ প্রক্রিয়ায় অগ্রগামী থাকার মনোভাব সংগঠনকে আইকনিক হিসেবে গড়ে তোলে।

বিশেষ অতিথির বক্তব্যে বিউবোর সদস্য প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, ব্যবসায়িক অথবা ব্যক্তিগত স্বার্থের কারণে একটি সংগঠন নষ্ট হয়ে যায়। আমাদের দাবিদাওয়াগুলো যৌক্তিক হওয়া উচিত। সেজন্য প্রকৌশলীদের আরও অধ্যবসায়ী এবং পরিশ্রমী হতে হবে।

বিউবোর সদস্য প্রকৌশলী আ ন ম ওবায়দুল্লাহ বলেন, বিউবো বহু বছর পুরনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। জীবনে অনেক প্রতিশ্রুতিশীল অ্যাসোসিয়েশনকে যোগ্যতার অভাবে হারিয়ে যেতে দেখেছি। যদিও এ সংগঠনগুলো আরও সুদূরপ্রসারী হতে পারত। সংগঠন সক্রিয় থাকলে সংস্থার কথা বলার একটি যথাযথ প্ল্যাটফর্ম থাকে।